সার্কিট হাউস মাঠে দুপুর ২টায় জনসভা, বিভাগজুড়ে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি, এলইডি স্ক্রিন ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
ময়মনসিংহ প্রতিনিধি
দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি ভাষণ দেবেন। এ জনসভাকে ঘিরে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে বলে আশা করছেন দলীয় নেতাকর্মীরা।
জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান এবং তাদের পক্ষে ভোট চাইবেন। একই সঙ্গে আগামীর রাজনৈতিক পথচলায় দলকে বিজয়ী করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেবেন তিনি। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।
এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেন, ইতোমধ্যে চার জেলা ছাড়াও মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। মূল মঞ্চের প্রস্তুতিও চলমান রয়েছে।
তিনি জানান, জনসমাগমের কথা বিবেচনা করে সমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হবে। নারীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা। মাঠে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে।
শরীফুল আলম আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার এই আগমনে পুরো অঞ্চলের মানুষ উচ্ছ্বসিত। সার্কিট হাউস মাঠসহ পুরো শহরেই লোকসমাগম হবে বলে তারা আশা করছেন।