প্রবাসীর স্ত্রী, তিন শিশু সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার; এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক প্রবাসীর পরিবারের পাঁচ সদস্যকে নৃশংসভাবে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসী মনির হোসেনের স্ত্রী, তিন শিশু সন্তান এবং তার শ্যালক। ভয়াবহ এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া প্রবাসী মনির হোসেনের বর্তমান অবস্থান সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম সংবাদমাধ্যমকে জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
গাজীপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, ‘মনির হোসেনের স্ত্রী, তিন শিশু সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।’
