সমুদ্রপথে উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানেরসমুদ্রপথে উত্তেজনা, কড়া হুঁশিয়ারি ইরানের

বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ তেহরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের জন্য এখন থেকে বাধ্যতামূলকভাবে ইরানি মুদ্রায় (রিয়াল) টোল দিতে হবে বলে ঘোষণা দিয়েছে ইরান, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)। সংস্থাটি বিশ্ব সম্প্রদায়কে এ ধরনের উদ্যোগ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন পুরোপুরি তেহরানের নিয়ন্ত্রণে এবং এ পথ দিয়ে চলাচল করতে হলে ইরানি মুদ্রায় টোল দিতে হবে। তার এ বক্তব্য প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি শিগগিরই খুলে দেওয়া হবে। তবে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুদ্ধবিরতি সংলাপ ব্যর্থ হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে তাদের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান এ দাবি প্রত্যাখ্যান করেছে।
পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হুঁশিয়ারি। তারা জানিয়েছে, কোনো সামরিক জাহাজ হরমুজ অতিক্রমের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আইএমও মহাসচিব আরসেনিও ডমিঙ্গুয়েজ বলেছেন, হরমুজের মতো আন্তর্জাতিক প্রণালিতে টোল আরোপের অধিকার কোনো দেশের নেই এবং এটি বৈশ্বিক শিপিং ব্যবস্থার জন্য ক্ষতিকর নজির সৃষ্টি করবে।


More News:

বিসিবিকে ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ বললেন হাসনাত, কড়া জবাব স্বরাষ্ট্রমন্ত্রীর
তারেক রহমান ও আরাফাত রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ ঘোষণার দাবি সংসদে
রাষ্ট্রীয় নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে সংসদে সরব রুমিন ফারহানা