নিজস্ব প্রতিবেদক
পুলিশ বাহিনীতে শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাহিনীর চেইন অব কমান্ড ভাঙার কোনো সুযোগ নেই। একইসঙ্গে পুলিশের কার্যক্রমে স্বচ্ছতা বাড়াতে পর্যায়ক্রমে বডিওর্ন ক্যামেরার ব্যবহার সম্প্রসারণের কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১১ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাহিনীর শৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না। অতীতের মতো পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট পেতে যেন ভোগান্তি না হয়।’
তিনি জানান, পুলিশের আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম জোরদারে সাইবার ক্রাইম ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্যে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। আমাদের কিছু বডিওর্ন ক্যামেরা আছে, ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত-অপারেশন সব কার্যক্রম রেকর্ডের রাখতে পারি সে ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, পর্যটন খাতে দেশের ভাবমূর্তি উন্নয়নে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তবে এ ক্ষেত্রে প্রত্যাশিত সাফল্য এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি।’
দেশের ভাবমূর্তির সঙ্গে বিষয়টি জড়িত উল্লেখ করে টুরিস্ট পুলিশকে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাতে আমাদের দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়।’
