আহতদের সাহসিকতার প্রশংসা, সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের আহ্বান
নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মানবিক এই সফরে তিনি আহতদের শারীরিক অবস্থার পাশাপাশি তাদের চিকিৎসার সার্বিক অগ্রগতির বিষয়েও বিস্তারিত খোঁজ নেন।
শনিবার (৯ মে) ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতাল-এ সশরীরে গিয়ে আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলেন তিনি।
থাইল্যান্ড সফরকালে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের চিকিৎসার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন জামায়াত আমির। এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার অনুরোধ জানান।
আহত জুলাই যোদ্ধাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন তিনি এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম।
