মতবিনিময় সভায় যোগ দিয়েছেন তারেক রহমান | ছবি : সংগৃহিতমতবিনিময় সভায় যোগ দিয়েছেন তারেক রহমান | ছবি : সংগৃহিত

প্রধানমন্ত্রী হওয়ার পর তৃণমূল নেতাদের সঙ্গে প্রথম বড় সাংগঠনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট-এ বিএনপির তিন সহযোগী সংগঠন— যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) দুপুর ১২টায় তিনি সভাস্থলে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তারেক রহমানের প্রথম বড় সাংগঠনিক বৈঠক হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ দেখা গেছে।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দিতে পারেন তিনি। এতে তিন সংগঠনের সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়েছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা।
দলীয় বিশ্লেষকদের মতে, এই বৈঠক আগামী দিনের সাংগঠনিক কৌশল নির্ধারণ ও তৃণমূল পর্যায়ে নেতৃত্বের সমন্বয় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।