সাব্বির বিন শামস | ছবি : সংগৃহিতসাব্বির বিন শামস | ছবি : সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) মোঃ আসাদুজ্জামান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির বিন শামস। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে।

জানা গেছে, তিনি ভারত থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে অভিযান চালিয়ে দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

এসপি মোঃ আসাদুজ্জামান বলেন, “অবৈধভাবে দেশে প্রবেশের পর স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে অবহিত করে। পরে তাকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।”

জেলা পুলিশ জানিয়েছে, আটক সাবেক এই কূটনীতিকের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।