নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা-এর আব্দুল্লাহপুর গ্রামে মা লোপা কায়সারের বাড়ির পাশেই সম্পন্ন হয়েছে জনপ্রিয় কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের জানাজা ও দাফন।
সোমবার (১৮ মে) সকাল পৌনে ৮টায় ধর্মীয় অনুশাসন মেনে, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় তার জানাজা। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, কারিনার অত্যন্ত প্রিয় জায়গা—নিজ বাড়ির উঠানেই দাফন করা হয় তার মরদেহ।
কারিনা কায়সারের ছোট ভাই সাদাত হামিদ বলেন,
“মা ও আপুর সবচেয়ে পছন্দের জায়গা ছিল এই বাড়ি, বিশেষ করে উঠানটি। তাই এখানেই তাকে দাফন করা হয়েছে। ভবিষ্যতে এখানে একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে আশপাশের মানুষ নামাজ আদায় করে তার জন্য দোয়া করতে পারেন।”
কারিনার বাবা, প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ বলেন,
“আমার মেয়ে সবসময় হাসিখুশি থাকতে ভালোবাসত। কারও সঙ্গে শত্রুতা পছন্দ করত না। আমি দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।”
দীর্ঘদিনের সহকর্মী কামরুন নাহার ডানা স্মৃতিচারণ করে বলেন,
“কারিনা আমাদের শুধু স্বাস্থ্য সচেতনতার বার্তাই দেননি, বরং হাসিমুখে জীবনকে কীভাবে উপভোগ করতে হয়, সেটিও শিখিয়ে গেছেন।”
উল্লেখ্য, কারিনা কায়সার গজারিয়ার মরহুম ডা. আবুল খায়ের বাচ্চু ও ডা. জোহরা খানম পারুলের নাতনী।
