নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা নামেই নতুন বিভাগ বাস্তবায়ন এবং কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর মাঠে আয়োজিত এক বিশাল পথসভায় তিনি এ ঘোষণা দেন। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রক্ষা করে। কারণ, বিএনপি জনগণের দল। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করেছে। দেশের জনগণকে সাথে নিয়েই আমরা দেশের উন্নয়ন ত্বরান্বিত করব।’
তিনি আরও বলেন, কুমিল্লার উন্নয়ন ও আঞ্চলিক ভারসাম্য রক্ষায় সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। এর অংশ হিসেবে কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের পাশাপাশি কৃষি শিক্ষার প্রসারে একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমনসহ অন্যান্য নেতারা।
বরুড়ার পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হন।
